ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

চুক্তির ‘খুব কাছাকাছি’ ইরান-যুক্তরাষ্ট্র, স্বাক্ষর করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১২:৩১ পিএম

চুক্তির ‘খুব কাছাকাছি’ ইরান-যুক্তরাষ্ট্র, স্বাক্ষর করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির ‘খুব কাছাকাছি’ পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজন হলে তিনি পাকিস্তানে যাওয়ার কথাও বিবেচনা করছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর দিয়েছে ফ্রান্স ২৪।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি। আমাদের নিশ্চিত করতে হয়েছে, ইরান কখনো পারমাণবিক অস্ত্র না পায়। তারা এতে পুরোপুরি সম্মত হয়েছে। তারা প্রায় সবকিছুতেই রাজি হয়েছে।

লাস ভেগাস সফরে যাওয়ার আগে তিনি বলেন, আলোচনা এগোলে পরিস্থিতি বদলাতে পারে। পাকিস্তানে গিয়ে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি যেতে পারি। যদি ইসলামাবাদে এ চুক্তি স্বাক্ষর হয়, তাহলে আমি যেতে পারি।

ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসিম মুনির-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত সপ্তাহে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তবে ওই বৈঠক থেকে কোনো সমঝোতা ছাড়াই তারা ফিরে আসে। হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফা বৈঠক নিয়ে আলোচনা চলছে, যা আবারও পাকিস্তানেই হতে পারে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে সম্মত হয়েছে। যা যেকোনো চুক্তির ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে বিবেচিত হয়ে আসছে। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, তারা আমাদের ‘নিউক্লিয়ার ডাস্ট’ ফেরত দিতে রাজি হয়েছে। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বোঝাতে নিজের দেয়া এই শব্দবন্ধ ব্যবহার করেন ট্রাম্প।

Link copied!