মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে আবারও পানির নিচে তলিয়ে গেল চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।
শনিবার (২ মে) বিকেল চারটার দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, রহমতগঞ্জ ও আগ্রাবাদসহ নিচু এলাকাগুলো জলাবদ্ধতায় ডুবে যায়।
রাস্তায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন পথচারীরা। অনেকে কাকভেজা হয়ে পড়েন, আবার গণপরিবহনে গুনতে হয়েছে বাড়তি ভাড়াও।
বৃষ্টির আগে দুপুরের পর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। হঠাৎ করে নেমে আসে অন্ধকারাচ্ছন্ন আবহ। এরপর টানা প্রায় এক ঘণ্টার ভারী বর্ষণে নগরজুড়ে তৈরি হয় জলাবদ্ধতা।
নগরীর প্রবর্তক এলাকার বেসরকারি হাসপাতালের চাকরিজীবী ইফতেখার চৌধুরী বলেন, প্রবর্তক এলাকা ব্যবহার করে প্রতিদিন অন্তত ৫ হাজার রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের সবাইকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বৃষ্টি হলেই এখানে পানি জমে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এতে সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সম্প্রতি ১৯ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে সিটি মেয়রকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
তবে বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি বলে অভিযোগ নগরবাসীর। সামান্য বৃষ্টিতেই বারবার জলাবদ্ধতায় ডুবে যাওয়ায় ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে।