ঢাকা বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ইতালি নেওয়ার কথা বলে অর্ধকোটি টাকা নিয়েও বন্দিশালায় নির্যাতন, তরুণের মৃত্যু

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৯:২৭ পিএম

ইতালি নেওয়ার কথা বলে অর্ধকোটি টাকা নিয়েও বন্দিশালায় নির্যাতন, তরুণের মৃত্যু

ভাগ্যের চাকা ঘোরাতে ও স্বপ্ন পূরণের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিল জহিরুল আকন (২৫)। পথে লিবিয়ার বন্দিশালায় মাফিয়াদের হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হয়ে এই তরুণের মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার।

সর্বশেষ বুধবার (৮ এপ্রিল) ঘটনাটি আলোচনায় আসে। এর আগে সোমবার রাতে মৃত্যুর খবর পায় তার পরিবার। এরপর থেকেই ওই তরুণের বাড়িতে মাতম চলছে।

মৃত জহিরুল আকন (২৫) মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ধুয়াসার গ্রামের সামচু আকনের ছেলে।

জহিরুলের পারিবারিক সূত্রে জানা গেছে, জহিরুল একই উপজেলার পাশের ধুয়াসার গ্রাম এলাকার এক মানবপাচারকারী সক্রিয় সদস্যের প্রলোভনে ৫ মাস আগে সরাসরি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। কিন্তু তাকে সৌদি আরব হয়ে লিবিয়ায় নিয়ে যায় দালালচক্র। এরপর তাকে সেখানকার একটি বন্দিশালায় আটকে চালানো হয় নির্যাতন। পরে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করা হয় মুক্তিপণের ৫০ লাখ টাকা। এরপর মাফিয়ারা আরও নির্যাতন করলে মৃত্যুর কোলে ঢলে পড়েন জহিরুল। ১৫ দিন আগে জহিরুলের মৃত্যু হলেও বিষয়টি গোপন রাখে দালালচক্র। শেষমেশ লিবিয়ায় বসবাসরত একই গ্রামের কয়েক যুবকের মাধ্যমে খবর পায় পরিবার। এই ঘটনায় দালালের কঠোর শাস্তি দাবি করেছেন স্ত্রী সাথী আক্তার ও এলাকাবাসী।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) জাহাঙ্গীর আলম বলেন, ‘লিবিয়ার বন্দিশালায় এক তরুণের মৃত্যুর খবর আমরা নিহত ব্যক্তির স্বজনদের মাধ্যমে জানতে পেয়েছি। নিহত ব্যক্তির পরিবার পুলিশের কাছে এ বিষয়ে আইনি যেকোনো সহযোগিতা চাইলে তা দেওয়া হবে। একই সঙ্গে দালালদের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলেই তাঁদের গ্রেপ্তার করা হবে।’

দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইতালি যাওয়ার এই প্রতিযোগিতা বন্ধে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানান পুলিশের ওই কর্মকর্তা।

Link copied!