পাবনায় ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে তামজিদ (১০) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণীতে এ ঘটনা ঘটে।
আহত তামজিদ পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্কুল সূত্রে জানা গেছে, টিফিন শেষে ক্লাস শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলা অবস্থায় ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয়তলায় ৪০৩ নাম্বার রুমে পঞ্চম শ্রেণির ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে সে আহত হয়। পরে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ওষুধসহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি।