প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:০৯ পিএম
কুমিল্লার লালমাই উপজেলার রেললাইনে সেলফি তুলে সেখানে দাঁড়িয়েই ফেসবুকে পোস্ট করেন এক যুবক। এর কিছুক্ষণের মধ্যেই ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে লালমাই উপজেলার বাগমারা দুধ বাজারের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহি উদ্দিন (৩২) পাশের বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে মহি উদ্দিন তাঁর অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান। সকাল সাড়ে সাতটার দিকে তিনি রেললাইনে দাঁড়িয়ে একটি সেলফি তোলেন। সেখানে দাঁড়িয়েই সেলফিটি তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেন চলে এলে তিনি সরে পড়ার আগেই কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে সাতটায় লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করে। সম্ভবত সেই ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। তবে তার আগেই তাঁর স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।’
আপনার মতামত লিখুন :