ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

রাজধানীতে বায়ুদূষণ কমছে না, শীর্ষে অভিজাত এলাকাগুলো

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:১৫ এএম

রাজধানীতে বায়ুদূষণ কমছে না, শীর্ষে অভিজাত এলাকাগুলো

আজ বুধবার (৬ মে) সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। আইকিউএয়ারে এ সময় ঢাকার বায়ুর মান ১৫১। সকাল সোয়া আটটায় বাতাসের এ পরিস্থিতি ছিল। বাতাসের এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। আজ নগরীর অভিজাত এলাকাগুলোর বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে একটি এলাকার বায়ুর মান খুব অস্বাস্থ্যকর।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ নগরীর কয়েকটি অভিজাত এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে বারিধারা। এ এলাকার বায়ুমান ২০২। বায়ুর মান দুই শতাধিক হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এরপর দূষণের তালিকায় আছে যথাক্রমে বারিধারা পার্ক রোড (১৯২), উত্তর বাড্ডা (১৮৯), বেচারাম দেউড়ী (১৭৯), ধানমন্ডি (১৬৫) ও গুলশান লেক পার্ক (১৫১)।

গত এপ্রিল মাসের পর থেকেই ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। এপ্রিল পেরিয়ে মে মাস এসে গেল, তারপর কয়েক দিন ধরে এত বৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবারও নগরীর কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে। কিন্তু বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।

আজ বায়ুদূষণে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। এ নগরীর বায়ুর মান ১৯০।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

Link copied!