দেশের অতি ধনীদের ওপর আয়করের হার আরও বাড়তে যাচ্ছে। ব্যক্তিশ্রেণির করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ করহার বিদ্যমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৭-২৮ অর্থবছর থেকে এই নতুন কর হার কার্যকর হতে পারে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এই পরিকল্পনার কথা জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, `আমাদের পরিকল্পনা আছে আগামী অর্থবছরের পরের বছর থেকে এটি কার্যকর করার। এই প্রস্তাবটি আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে দেব।`
কোন পর্যায়ের ধনীদের ওপর এই কর কার্যকর হবে, সে বিষয়ে তিনি বলেন, `সুপার রিচ গ্রুপ—যাদের বার্ষিক আয় ১ কোটি টাকা, দেড় কোটি টাকা কিংবা ৫ কোটি টাকার বেশি—এমন যেকোনো একটি নির্দিষ্ট অতি ধনী গ্রুপের ওপর আমরা এই বর্ধিত কর হার চালু করতে পারি।`
আয়কর বাড়ানোর পাশাপাশি তামাকজাত পণ্যের বিষয়েও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে এনবিআর। চেয়ারম্যান জানান, আগামী বাজেটে তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনাও তাদের রয়েছে।
সভায় ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।