ঢাকা বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ১০:৪৩ পিএম

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

প্রায় ১০ মাস পর দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার পথ খুলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের। প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডে উন্নীত করার পর এবার নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণের পদ্ধতি কার্যকর করতে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ আদেশ জারি করা হয়। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা।

আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণের পদ্ধতি আইবাস++ সফটওয়্যারে সংযুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষকরা গত বছরের ডিসেম্বর থেকে দশম গ্রেড অনুযায়ী বর্ধিত বেতন পাওয়ার অপেক্ষায় ছিলেন। তবে নতুন আদেশে বকেয়া বেতন নিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ বা জিও জারির তারিখের আগের সময়ের কোনো আর্থিক বকেয়া প্রধান শিক্ষকরা পাবেন না। অর্থাৎ জিও জারির আগে থেকে দশম গ্রেড কার্যকর ধরে বেতন-ভাতার যে বকেয়া দাবি রয়েছে, তা পাওয়ার সুযোগ থাকছে না।

আদালতের রায়ের পর ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করার প্রজ্ঞাপন জারি করেছিল। তবে প্রশাসনিক ও কারিগরি জটিলতায় এতদিন নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা সম্ভব হয়নি।

নতুন বেতন স্কেলে দশম গ্রেডে প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ৩২ হাজার টাকা থেকে। সর্বোচ্চ মূল বেতন ৭৭ হাজার ৩০০ টাকা। এর আগে দশম গ্রেডে মূল বেতন শুরু হতো ১৬ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ ছিল ৩৮ হাজার ৬৪০ টাকা।

দশম গ্রেডে উন্নীত হওয়ার আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদ ১১তম ও ১২তম গ্রেডের মধ্যে ছিল। পুরোনো বেতন কাঠামোয় ১১তম গ্রেডে মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে।

Link copied!