ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ইরান যুদ্ধের বড় প্রভাব শাহরুখের ‘কিং’ সিনেমায়

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:০১ পিএম

ইরান যুদ্ধের বড় প্রভাব শাহরুখের ‘কিং’ সিনেমায়

পশ্চিম এশিয়ায় ইরান-ইসরায়েল সংঘাতের বাড়তে থাকা উত্তেজনার প্রভাব এবার পড়ল ‘কিং’ ছবির শুটিংয়ের সূচিতে। বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহু প্রতীক্ষিত এই ছবির একটি বড় অ্যাকশন সিকোয়েন্স দুবাইয়ের মরুভূমিতে শুট হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। এখন মুম্বাইয়ে মরুভূমির সেট তৈরি করে শুটিং সম্পন্ন করা হবে।

‘কিং’-এর দুবাই শুটিংয়ের পরিকল্পনা কয়েক মাস আগেই চূড়ান্ত হয়েছিল। সব ধরনের অনুমতি ও আনুষ্ঠানিকতাও সম্পন্ন ছিল। ৯ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য শুটিং শুরু হওয়ার কথা ছিল, যেখানে শাহরুখ খান, তাঁর মেয়ে সুহানা খান ও অনিল কাপুরকে নিয়ে মরুভূমির অ্যাকশন দৃশ্য ধারণ করা হতো। তবে বর্তমান পরিস্থিতিতে ছবির কলাকুশলী ও অভিনয়শিল্পীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নির্মাতারা কোনো রকম ঝুঁকি নিতে চান না। পরিচালক সিদ্ধার্থ আনন্দ আন্তর্জাতিক শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে মুম্বাইয়ের ভিলে পারলে-স্থিত একটি স্টুডিওতে মরুভূমির বিশাল সেট তৈরি করা হচ্ছে। নির্মাতাদের মতে, সেটটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে পরিচালকের কল্পিত স্কেল ও ভিশন বজায় থাকে। সিদ্ধার্থ আনন্দের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বজায় রাখার জন্য নির্মাতারা সব রকম চেষ্টা করছেন। বরং স্টুডিওতে শুটিং করার ফলে অ্যাকশন দৃশ্য এবং আলোর ওপর আরও ভালোভাবে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। জানা গেছে, এই সিকোয়েন্সটি একটি ধাওয়া করার দৃশ্য দিয়ে শুরু হয়ে দুর্ধর্ষ লড়াই পর্যন্ত গড়াবে।

এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে ‘কিং’-এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল। ছবিটির শুটিং শুরু হয় ২০২৫ সালের মে মাসে এবং এর একটি বড় অংশ মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে ধারণ করা হয়েছে। বিশেষ করে একটি জেল সিকোয়েন্স প্রায় ২০০ জন স্টান্টম্যানকে নিয়ে শুট করা হয়েছে, যা ছবির অ্যাকশন স্কেল সম্পর্কে ধারণা দেয়।

তবে শুটিং চলাকালীন একাধিক চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছে নির্মাতাদের। ২০২৫ সালের জুলাই মাসে ভিলে পারলের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শাহরুখ খান আহত হন। পরে চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে যেতে হয়। প্রায় ছয় সপ্তাহ শুটিং বন্ধ ছিল।

ছবির অ্যাকশন স্কেল নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, শাহরুখ খান ও অভিষেক বচ্চনের মধ্যে একটি বড় অ্যাকশন দৃশ্য ইউরোপে শুট করতে প্রায় ৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। এই ছবিতে অভিষেক বচ্চন একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন।

‘কিং’ ছবিতে শাহরুখ খান, সুহানা খান, অনিল কাপুরের পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারশি, সৌরভ শুক্লা, রানি মুখার্জি, রাঘব যুয়াল, জ্যাকি শ্রফ, জয়দীপ অহলাওয়াত, অক্ষয় ওবেরয়, অভয় ভার্মাসহ অনেকে।

উল্লেখ্য, শাহরুখ খানকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল রাজকুমার হিরানী পরিচালিত ‘ডাংকি’ ছবিতে, যা মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে।
প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’-এ শাহরুখ খান একজন অ্যাসাসিনের চরিত্রে অভিনয় করছেন, যিনি এক তরুণীকে জীবনের নানা বিপদের মুখোমুখি হওয়ার প্রশিক্ষণ দেন।

শাহরুখ আর সুহানা এই প্রথম একসঙ্গে ‘কিং’ ছবির মাধ্যমে আসছেন। আর সিদ্ধার্থের ছবির মাধ্যমে সুহানা বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন। এই অ্যাকশন থ্রিলার ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Link copied!