ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

‘মাথা নত করব না’: পেজেশকিয়ানের ভাষণের পর ‘বাহুবলী’ দিয়ে ইরানের বার্তা

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৪:৩৫ পিএম

‘মাথা নত করব না’: পেজেশকিয়ানের ভাষণের পর ‘বাহুবলী’ দিয়ে ইরানের বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া ‘মাথা নত না করার’ বার্তা এবার উঠে এলো ভারতের জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী’-র অ্যাকশন দৃশ্যে। 

প্রেসিডেন্টের এই কঠোর হুঁশিয়ারিকে আরও জোরালোভাবে বিশ্বমঞ্চে তুলে ধরতে দক্ষিণ ভারতের তারকা প্রভাস অভিনীত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমার একটি যুদ্ধের দৃশ্য ব্যবহার করেছে ভারতের হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, বাহুবলী চরিত্রে প্রভাস বিশাল কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। শত্রুপক্ষের সংখ্যা অনেক বেশি হলেও পিছু হটছেন না তিনি। সিনেমার অন্যতম স্মরণীয় এই যুদ্ধের দৃশ্যকেই এবার রাজনৈতিক বার্তার সঙ্গে জুড়ে দিয়েছে ইরানি কনস্যুলেট। ভিডিওটি শেয়ার করে কনস্যুলেট লিখেছে, ইরানের প্রেসিডেন্ট ড. পেজেশকিয়ান ইউএনজিএ-তে বলেছেন ‘আমরা কখনো মাথা নত করব না বা হাঁটু গেড়ে বসব না।’

ইরানের এই পোস্ট দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। অনেকেই অবাক হয়েছেন, একটি দেশের কূটনৈতিক দপ্তর আন্তর্জাতিক রাজনৈতিক বার্তার সঙ্গে ভারতীয় সিনেমার এমন জনপ্রিয় দৃশ্যকে কীভাবে যুক্ত করেছে তা দেখে। কেউ কেউ ইরানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রশংসা করেছেন, আবার কেউ এটিকে বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার সঙ্গে বাহুবলীর যুদ্ধের মজার তুলনা হিসেবে দেখেছেন।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন পেজেশকিয়ান। ইরানের ওপর নিষেধাজ্ঞা, হুমকি ও চাপ দিয়ে দেশটিকে নত করা যাবে না এমন অবস্থান তুলে ধরেন তিনি। তার বক্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের বক্তব্যের একদিন পর।

Link copied!