প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০১:৩৪ পিএম
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। সোমবার (১৬ মার্চ) বিআরটিএ-র পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে, যা ঈদের আগে-পরে মোট সাত দিন কার্যকর থাকবে।
নির্দেশনায় বলা হয়, আজ থেকে আগামী ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে নির্দেশনায়।
একইসঙ্গে এ সময় গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়াও যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে, গত ১২ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতেও জানানো হয়েছিল, ঈদযাত্রায় ঘরমুখী মানুষের যাতায়াত সুগম করতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
আপনার মতামত লিখুন :