ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

হাম ও উপসর্গে এক মাসে শিশুর মৃত্যু দুইশর ঘরে

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৮:৫৭ এএম

হাম ও উপসর্গে এক মাসে শিশুর মৃত্যু দুইশর ঘরে

ছবি: সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের গত এক মাসে হামে ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮-এ। গত ১৫ মার্চ এ বছর হামে প্রথম মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত এক দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হামে নিশ্চিত হয়েছে, বাকি দুজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু এবং শনাক্ত হয়েছে ৭৬ জনের হাম। আক্রান্তের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩২ জনের মধ্যে। এর মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে ৪৬৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে ৩২ শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর। এই সময়ে ১৯ হাজার ১৬১ রোগীর মধ্যে ১২ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন সমকালকে বলেন, হাম নিয়ন্ত্রণে একযোগে তিনটি পদক্ষেপ জরুরি, টিকাদান কর্মসূচি জোরদার, চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণ এবং আক্রান্তদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। বর্তমানে টিকাদান কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হলেও চিকিৎসাসেবার বিকেন্দ্রীকরণ এখন অত্যন্ত জরুরি। ঢাকার বাইরে আরও চিকিৎসাকেন্দ্র গড়ে তুলতে হবে। 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শ্বাসকষ্ট নিয়ে ভর্তির আধা ঘণ্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে মারা যাওয়া শিশুটি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মো. রনির কন্যা।

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বয়স সাত মাস। 
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। মহানগরীতে ৫৪ হাজার ১৪৪ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল নগর ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

Link copied!