ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন আবেদন খারিজ

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০১:২৮ পিএম

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন আবেদন খারিজ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট।রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে এ আদেশ দেন। তবে তার বিরুদ্ধে থাকা অন্য চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। গত বছরের ১ সেপ্টেম্বর এ রুল জারি করেছিলেন হাইকোর্ট।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তাকে ওই পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের বিক্ষোভ ও হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

Link copied!