ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
amaderkhobor24.com

ঢাকায় বৃষ্টির তীব্রতা কমে এলেও বাড়বে উত্তরবঙ্গে: আবহাওয়া অধিদপ্তর

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১১:৩৮ পিএম

ঢাকায় বৃষ্টির তীব্রতা কমে এলেও বাড়বে উত্তরবঙ্গে: আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করলেও আগামীকাল (সোমবার) থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ঢাকায় ভারী বৃষ্টির আশঙ্কা কমলেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ৯৭ মিলিমিটার এবং ভোর ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আরও ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর সম্মিলিত প্রভাবে ঢাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে আসায় রাজধানীতে বৃষ্টির তীব্রতা কমবে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পর্যবেক্ষণ পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

Link copied!