ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৭:৫৯ পিএম

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত

প্রতীকী ছবি।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনাটি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

এ নির্দেশনার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকাজ, সেবা গ্রহণ ও পণ্য কেনার নতুন দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে। তবে ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া কাজ বা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ ছাড়া সংশোধিত অধ্যাদেশের বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশের নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি। ফলে স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে এবং চলমান ক্রয়প্রক্রিয়ার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নির্দেশনায় স্পষ্ট করা হয়নি।

Link copied!