ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ নিয়ে নতুন প্রশ্ন

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১২:১৮ পিএম

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ নিয়ে নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, ব্যাপক সমালোচনার মুখে পড়ে তার দল জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে গেল ২২ জুলাই তাকে বহিষ্কার করে দলটি। পরবর্তী ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠিও দেয় তারা।

রাজধানীর ন্যাম ভবন থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর, আবারও আলোচনায় আসেন এই এমপি।

সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, দল বহিষ্কার করলে এমপি পদ বিষয়ে সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই।

এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ কাজী জাহেদ ইকবাল বলেন, দল যদি কাউকে বহিষ্কার করে, সে ক্ষেত্রে সংসদ সদস্য পদ যাওয়ার বিষয়টি স্পষ্ট নয়। আমাদের জাতীয় সংবিধান অনুসারে, নজরুল ইসলাম সাহেব আর্টিকেল ৭০ অনুসারে দলের বিরুদ্ধে কোনো ভোট দেননি, অথবা দল থেকে পদত্যাগ করেননি। অথবা আর্টিকেল ৬৬ বা আর্টিকেল ৬৭ অনুসারে উনার মোরাল টার্পিটিউডের যে ব্যাখ্যাটা এখানে সংবিধানে বলা আছে, সেটার মধ্যে উনি এখনও আসেননি। কারণ হলো, তার এখনও শাস্তি হয়নি। তো, সব মিলিয়ে আপনাকে এখন নতুনভাবে আমাদেরকে ভাবতে হবে।

জামায়াত বলছে, গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, সেই সিদ্ধান্ত স্পিকার ও ইসির। আর নির্বাচন কমিশন বলছে, নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় তারা।

তবে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, উনি তো এখন জামায়াতের সঙ্গে নাই। আইন অনুযায়ী যে ব্যবস্থা হবে, বাংলাদেশের আইন, রাষ্ট্র, সরকার, আইন অনুযায়ী যা করার, তাই করবে। জামায়াতের এ ব্যাপারে কোনো বক্তব্য নেই।

এদিকে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটা সম্পূর্ণভাবে নির্ভরশীল হবে স্পিকার এবং ইলেকশন কমিশনের ওপরই। আমাদের মূল দায়িত্বটা তো হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনা। পরবর্তী বিষয়টা তো জাতীয় সংসদ সচিবালয়ের অধীন। তো, আমরা যদি চিঠি পাই, সে অনুযায়ী ব্যবস্থা নেব।

সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, এমপি পদ বাতিল করতে জামায়াত সংসদকে চিঠি দিলে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন স্পিকার।

এমপি পদ বাতিল প্রসঙ্গে কাজী জাহেদ ইকবাল বলেন, যে রাজনৈতিক দল থেকে উনি নির্বাচিত হয়েছেন, সেই রাজনৈতিক দল যদি স্পিকার বরাবর লিখিতভাবে জানান যে, এই বিষয়টা এবং তার সংসদ সদস্য পদ যেন না থাকে, সেটা জানাতে হবে। তখন এটা বেসিক্যালি ইলেকশন কমিশনে রেফার্ড হবে এবং তখন ইলেকশন কমিশন সব আইনগুলো দেখে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

তবে, বিশ্লেষকরা বলছেন, স্পিকার নিজ ক্ষমতাবলেই ইসিকে চিঠি দিতে পারেন।

তবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, এই সংসদ সদস্য যেটা করেছেন, যার ফলে সংসদের অবমাননা হয়েছে ব্যাপকভাবে এবং যারা সংসদ সদস্য আছেন, বাকি সংসদ সদস্য প্রত্যেকেরই কিন্তু মর্যাদা হানি হয়েছে। কাজেই তারা কোথায়? তাদের একটা অবস্থান দেখার আশায় কিন্তু দেশবাসীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। আসলে সংসদ সদস্য পদের যে মর্যাদা, সেটা যেভাবে হানি হয়েছে, এর ফলে স্পিকারের একটা অবস্থান দেশবাসী প্রত্যাশা করাটাই স্বাভাবিক।

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আসামি করা হয়েছে গাজী নজরুলকে। যাতে তাকে নেয়া হয় রিমান্ডে।

Link copied!