সাকিব আল হাসান। ফাইল ছবি
পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সাকিব আল হাসানের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই তিন ওয়ানডের সিরিজে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বাস্তব পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে থাকা সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব আইনি জটিলতা নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে।
বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের আইনি বিষয়গুলো সমাধানের প্রক্রিয়া চলছে যাতে তিনি দ্রুততম সময়ে ক্রিকেটে ফিরতে পারেন।
তবে আইনি প্রক্রিয়ার পাশাপাশি কারিগরি কারণেও পাকিস্তান সিরিজের দলে সাকিবের থাকা অনিশ্চিত। নির্বাচক কমিটি সূত্রে জানা গেছে, বিসিবির পক্ষ থেকে সাকিবকে দলে রাখার বিষয়ে কোনো সবুজসংকেত পাওয়া যায়নি।
দীর্ঘ দেড় বছর জাতীয় দলের বাইরে থাকা সাকিবের ফিটনেস পরীক্ষা এবং বর্তমান ফর্ম যাচাই না করে তাকে সরাসরি আন্তর্জাতিক ম্যাচে খেলানোর যৌক্তিকতা নিয়ে নির্বাচকদের মধ্যে প্রশ্ন রয়েছে। ফলে নির্বাচক কমিটি পাকিস্তান সিরিজের জন্য যে খসড়া দল জমা দিয়েছে, সেখানে সাকিবের নাম নেই বলে নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্টদের মতে, সাকিব দেশে ফিরতে পারলে প্রথমে বিসিবির ট্রেনার ও ফিজিওদের অধীনে নিজের ফিটনেস নিয়ে কাজ করবেন। এরপর ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স পর্যালোচনার পরই জাতীয় দলে ফেরার বিষয়টি বিবেচনা করা হতে পারে। রাজনৈতিক ও আইনি প্রতিবন্ধকতার কারণে আপাতত পাকিস্তানের বিপক্ষে সিরিজে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
আপনার মতামত লিখুন :