ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

বাবরকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:৩৪ পিএম

বাবরকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ম্যাচের এই সিরিজের দলে সবচেয়ে বড় চমক সাবেক অধিনায়ক বাবর আজমের বাদ পড়া। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এই দলে ডাক পেয়েছেন ছয়জন নতুন মুখ। সিরিজের সব কটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

দলে প্রথমবারের মতো ডাক পাওয়া ছয় ক্রিকেটার হলেন আবদুল সামাদ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হুসেইন। এদের মধ্যে সামাদ, সাদাকাত, মাসুদ ও শামিলের সম্প্রতি আবুধাবিতে পাকিস্তান শাহিনস দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। তরুণদের সুযোগ দিতেই মূলত স্কোয়াডে এই বড় পরিবর্তন এনেছে পিসিবির নির্বাচক কমিটি।

গত বছরের নভেম্বরে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। ঘরের মাঠে সেই সিরিজে শ্রীলঙ্কাকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল তারা। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদির এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এর আগে তার নেতৃত্বেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান। এবার বাংলাদেশের মাটিতে নিজেকে প্রমাণের পালা এই বাঁহাতি পেসারের।

আগামী ৮ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।

পাকিস্তানের ১৫ সদস্যের ওয়ানডে দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হুসেইন।

Link copied!