ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

‘আই হ্যাভ আ প্ল্যান’—উত্তর কোরিয়া ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচ

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০২:৩০ পিএম

‘আই হ্যাভ আ প্ল্যান’—উত্তর কোরিয়া ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচ

নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও মাঠের লড়াইয়ে হৃদয় জিতেছে বাংলাদেশ। তবে সেই প্রশংসায় গা ভাসিয়ে দিতে নারাজ লাল-সবুজের ব্রিটিশ কোচ পিটার বাটলার।

আগামীকাল তিনবারের এশিয়ান কাপজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে আজ সকালে সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে বাটলার সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশ এখানে ‘ভাগ্যের জোরে’ আসেনি, বরং লড়াই করে নিজেদের যোগ্যতায় জায়গা করে নিয়েছে। সংবাদ সম্মেলনে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তারের একটি বিতর্কিত মন্তব্যসহ সবকিছু নিয়েই সপাটে ব্যাট চালিয়েছেন এই ইংলিশ কোচ।

উত্তর কোরিয়াকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মেনে নিয়ে বাটলার বলেন, ‘আমরা এখানে উত্তর কোরিয়ার মতো খুব শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি। তারা টেকনিক্যালি দারুণ দক্ষ এবং সত্যিই খুব প্রতিভাধর একটি দল। আপনি যদি তাদের ফিফা র‍্যাঙ্কিংয়ে তাকান (৯ নম্বর, এশিয়ায় জাপানের পর দ্বিতীয়), তাহলে বুঝতে পারবেন তারা সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট।’

আগামীকালকের ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন বাটলার। তবে টানা দুই শক্তিশালী প্রতিপক্ষ (চীন ও উত্তর কোরিয়া) পাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও বাটলার নিজের দর্শন থেকে সরছেন না। উত্তর কোরিয়ার ফুল-ব্যাকরাও আক্রমণে আসেন এবং তাঁদের আটকানোর কৌশল নিয়ে প্রশ্নে বাটলারের আত্মবিশ্বাসী উত্তর, ‘কীভাবে তাদের থামানো যায়...ভালো প্রশ্ন। শুনুন, আমাদের একটি গেম প্ল্যান আছে এবং আমার মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। আই হ্যাভ আ প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)। দিনের শেষে আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাইও, সেটা হতেই পারে। কিন্তু আমি চাই আমাদের দল সক্রিয়ভাবে খেলুক, শুধু রক্ষণাত্মক না হয়ে।’

চীনের বিপক্ষে লড়াইয়ের পর ভক্তদের মনে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দানা বাঁধলেও বাটলার এখনই আকাশকুসুম কল্পনা করতে রাজি নন। তিনি সরাসরি বলেন, ‘না, আমি তা মনে করি না (কোয়ার্টার ফাইনাল)। আমরা এখানে আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে যাচ্ছি। আমি এটা ভাবতে চাই যে প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে। এটি তাদের জন্য শেখার একটি শিক্ষামূলক সুযোগ। আমি শুধু চাই খেলোয়াড়েরা মাঠে গিয়ে তাদের সেরাটা দিক এবং সততা ও নিষ্ঠার সাথে খেলুক।’

সংবাদ সম্মেলনের একটি অংশ জুড়ে ছিল বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণের বিতর্কিত মন্তব্য, যেখানে তিনি চীন দলকে নিয়ে নেতিবাচক কথা বলেছিলেন। বলেছিলেন, চীনের দলটা অনেক বেশি বয়স্ক। তারা মাঝে মধ্যে দাঁড়িয়ে গেছে। তারা ফর্মে নেই। বাংলাদেশের আসল পরীক্ষা উত্তর কোরিয়ার ম্যাচ।

চীনকে নিয়ে মাহফুজার মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে বাটলার একে ‘সম্পূর্ণ আজেবাজে কথা’ বলে উড়িয়ে দিয়ে বলেন, ‘এটি আমার কাছে পাঠানো হয়েছিল (মাহফুজার মন্তব্য) এবং আমি মনে করি বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। ওটা একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়েরা নাসরিন স্পোর্টিংয়ের হয়ে খেলে না, তাদের খেলোয়াড়েরা পিএসজির হয়ে খেলে। তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। এটি বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল।’

সংবাদ সম্মেলনে কোচের পাশেই ছিলেন অধিনায়ক আফঈদা খন্দকার। উত্তর কোরিয়াকে শক্তিশালী দল মেনে নিয়ে তিনি বলেন, ‘উত্তর কোরিয়া অনেক শক্তিশালী দল, ভালো দল। আমরা গত ম্যাচে যে ভুলগুলা করেছি, পরবর্তী ম্যাচে যেন আমরা সেই ভুলগুলা না করি কোচ আমাদের ওভাবেই দেখিয়ে দেবেন। ইনশা আল্লাহ আমরা ভালো খেলব।’

কোচের ‘প্ল্যান’ নিয়ে প্রশ্নে অধিনায়কের কৌশলী উত্তর, ‘কোচের প্ল্যানই হচ্ছে আমাদের প্ল্যান। কোচ যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা ভালো খেলব। বাকিটা রেজাল্ট তো বলে দিবে যে কী হয় না হয়।’

Link copied!