ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

নেইমারের হাতে বাংলাদেশের লাল-সবুজ জার্সি!

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১১:২৩ এএম

নেইমারের হাতে বাংলাদেশের লাল-সবুজ জার্সি!

ফুটবল মানেই উন্মাদনা, আর সেই উন্মাদনার কেন্দ্রবিন্দু যদি হয় ব্রাজিল, তবে সেখানে একজন বাংলাদেশির উপস্থিতি সব সময়ই গর্বের। কিন্তু এবার কেবল উপস্থিতিই নয়, স্বয়ং ব্রাজিলিয়ান মেগাস্টার নেইমারের হাতে বাংলাদেশের জাতীয় দলের জার্সি তুলে দিয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছেন প্রবাসী বাংলাদেশি ফটো সাংবাদিক শাহনুর রুমেন। এ যেইন রীতিমতো, ব্রাজিলের ফুটবল মাঠে বাংলার জার্সি!

সিলেটের বিশ্বনাথ থেকে এক যুগেরও বেশি সময় আগে ভাগ্যের সন্ধানে ব্রাজিলে পাড়ি জমান শাহনুর রুমেন। সেখানে কাজের পাশাপাশি একসময় তিনি যুক্ত হন ফটো সাংবাদিকতায়। বর্তমানে তিনি ব্রাজিল সাংবাদিক সমিতির একজন সদস্য এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিক হিসেবে সে দেশের বড় বড় ফুটবল ক্লাব ও তারকাদের নিয়ে কাজ করছেন। সেই কাজের সূত্র ধরেই সাও পাওলোর সান্তোস ক্লাবে অনুশীলনের ফাঁকে নেইমারের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাতের সুযোগ পান তিনি।

সাক্ষাৎকালে শাহনুর নিজের দেশের প্রতি ভালোবাসা থেকে নেইমারকে বাংলাদেশের একটি জার্সি উপহার দেন। জার্সিটি হাতে নিয়ে নেইমার বেশ আগ্রহ দেখান এবং এর নকশার প্রশংসা করেন। শাহনুর নেইমারকে জানান, বাংলাদেশে তাঁর এবং ব্রাজিল দলের কোটি কোটি ভক্ত রয়েছে যারা প্রাণ দিয়ে তাদের ভালোবাসে। বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসার কথা শুনে নেইমার রীতিমতো অভিভূত হন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের দেশকে বিশ্বমঞ্চে পরিচিত করার এই সুযোগটি হাতছাড়া করতে চাননি শাহনুর। তিনি বলেন, ব্রাজিল ফুটবলের দেশ। এখানে বিশ্বের সেরা খেলোয়াড়দের খুব কাছ থেকে দেখার সুযোগ মেলে। একজন সাংবাদিক হিসেবে সব মাঠে যাওয়ার সুযোগ থাকায় আমি নেইমারকে আমাদের ভালোবাসার কথা জানাতে চেয়েছিলাম।

শাহনুর রুমেনের এই উদ্যোগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিশ্ব ফুটবলের আঙিনায় বাংলাদেশের নামকে আরও উজ্জ্বল করেছে। নেইমারের মতো একজন বিশ্বখ্যাত তারকার হাতে বাংলাদেশের জার্সি পৌঁছে যাওয়া কোটি ভক্তের জন্য এক বিশাল প্রাপ্তি। এই ঘটনা আবারও প্রমাণ করল, সীমানা পেরিয়ে ফুটবল কীভাবে এক সুতোয় গেঁথে দেয় পুরো পৃথিবীকে।

Link copied!