আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি নির্বাচনের আর ১ সপ্তাহও বাকি নেই। ঠিক এই সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হবে।
এর আগে গেল ১৬ মে এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা করে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
এরপর গত ১৭ মে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। এই নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নেও দুজন পরিচালক হবেন। সেই ২৫ জন পরিচালক ভোট দিয়ে একজনকে সভাপতি নির্বাচিত করবেন।