সবশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর দীর্ঘ ৪ বছর দলের বাইরে ছিলেন তিনি। এবার আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন। মূলত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার ফলেই আবারো জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছিলেন, ‘মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে, ছয় নম্বরে তার স্কিলটা আরও বেশি কাজে লাগবে আমাদের জন্য। সে অভিজ্ঞ ক্রিকেটার, আগেও খেলেছে, প্রিমিয়ার লিগে ভালো ফর্মে আছে। তার অলরাউন্ড সক্ষমতা আমরা কাজে লাগব।’
এ দিকে অস্ট্রেলিয়া সিরিজে দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এ ছাড়া আফিফ হোসেনেরও জায়গা হয়নি এই দলে। তাদের দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
তিনি বলছিলেন, ‘মাহিদুলকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি। আফিফকেও যথেষ্ট সুযোগ দিতে পেরেছি সেটাও আমি বলতে পারব না, সুযোগ আরেকটু বেশি পেতে পারত সে। এই মুহূর্তে আমরা টেকটিক্যাল পরিবর্তন করেছি।’