ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
amaderkhobor24.com

মেসি-রোনালদোর রেকর্ডসহ দ্বিতীয় রাউন্ডের সেরা ১০ ঘটনা

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৭:৩৮ পিএম

মেসি-রোনালদোর রেকর্ডসহ দ্বিতীয় রাউন্ডের সেরা ১০ ঘটনা

নাটকীয়তা, রেকর্ড আর চমক দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর ইতিহাস গড়া থেকে শুরু করে লিওনেল মেসির নতুন রেকর্ড, ইরানের লড়াকু মানসিকতা কিংবা তুরস্কের হতাশাজনক বিদায় ছিল এই পর্বে। এছাড়া দ্বিতীয় রাউন্ডেই একাধিক দলের নকআউট এবং বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে।

কেবল রেকর্ড আর লড়াইয়ের ঘটনা নয়। দ্বিতীয় রাউন্ডে দলের উদযাপন নিয়েও হয়েছে নানান আলোচনা। এছাড়া তারকাদের স্মরণীয় গোল উৎসব, নতুন নিয়মের লাল কার্ডের ঘটনার দেখা মিলেছে। একনজরে দ্বিতীয় রাউন্ডের আলোচিত ১০ ঘটনা ও পারফরম্যান্স নিয়ে জানা যাক।

ইতিহাস গড়লেন রোনালদো
বিশ্বকাপের শুরুতে গোল না পেলেও শেষ পর্যন্ত সমালোচকদের জবাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেছেন ৪১ বছর বয়সী এই তারকা। এর মাধ্যমে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন তিনি।

থামছেন না মেসি
৩৯তম জন্মদিন উদযাপন করতে যাওয়া লিওনেল মেসি যেন বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই খেলছেন। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে এখন তার গোলসংখ্যা ১৮। ৯৬ বছরের বিশ্বকাপে কোনো একক ফুটবলার এত গোল করতে পারেননি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডটিই দখল করেছেন মেসি।

তিন তারকার গোল উৎসব
দ্বিতীয়বারের মতো একই দিনে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমে জোড়া গোল করেন মেসি, পরে ইরাকের বিপক্ষে একই কীর্তি গড়েন এমবাপে। দিনশেষে হালান্ডও সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে আলো ছড়ান। গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন এই তিন তারকা।

ভাইকিং উদযাপনে নরওয়ে
২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নকআউট নিশ্চিত করেছে নরওয়ে। সাফল্যের পর দলটির বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে সেই উদযাপনে গলা মিলিয়েছেন হাজারো নরওয়েজিয়ান সমর্থক।

৯২ বছরের অপেক্ষা মিসরের
বিশ্বকাপে প্রথম জয় পেতে মিসরকে অপেক্ষা করতে হয়েছে ৯২ বছর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর ভ্যাঙ্কুভারের রাস্তায় সমর্থকদের সঙ্গে নেচে-গেয়ে উদযাপন করেন মোহাম্মদ সালাহরা। স্বাভাবিকভাবেই উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন ‘ইজিপশিয়ান কিং’ সালাহ।

এশিয়ার সেরা আশা জাপান
প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। চার পয়েন্ট নিয়ে এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে তারা। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে জাপানের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও বেশ উজ্জ্বল।

লড়াই চালিয়ে যাচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের মধ্যেও দুই ম্যাচে অপরাজিত রয়েছে ইরান। দুটি ড্র নিয়ে এখনও নকআউটের লড়াইয়ে টিকে আছে দলটি। শেষ ম্যাচে মিসরকে হারাতে পারলে সরাসরি পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে তাদের। তবে ট্রাম্পের ভিসানীতির মাঝে দেশটির ফুটবলাররা যা লড়াই করেছে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও তারা প্রশংসা কুড়াবে।

হতাশ করল তুরস্ক
আর্দা গুলের, কেনান ইলদিজ, হাকান চালহানওগলু কিংবা মেরিহ ডেমিরালের মতো তারকায় ভরা দল নিয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি তুরস্ক। প্যারাগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। ২৪ বছর পর বিশ্বকাপে ফিরে এমন বিদায় তুর্কি সমর্থকদের জন্য বড় হতাশাও বটে।

পুলিসিচ ছাড়াই নকআউটে যুক্তরাষ্ট্র
চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচকে ছাড়াই বিশ্বকাপে খেলতে নেমেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে মাঠে বড় তারকার অভাব মোটেও অনুভব করতে দেননি দেশটির ফুটবলাররা। দলগত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

নতুন নিয়মের প্রথম শিকার আলমিরন
প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন বিশ্বকাপে এক অদ্ভুত কারণে ইতিহাস গড়েছেন। তুরস্কের এক ফুটবলারের সঙ্গে বাকবিতণ্ডার সময় মুখ ঢেকে কথা বলায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। নতুন নিয়ম অনুযায়ী মুখ ঢেকে প্রতিপক্ষ বা ম্যাচ কর্মকর্তার সঙ্গে কথা বললে সরাসরি বহিষ্কারের বিধান রয়েছে। সেই নিয়মে প্রথম শাস্তি পাওয়া খেলোয়াড় এখন আলমিরন।

Link copied!