ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
amaderkhobor24.com

ভারতকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১১:৩৫ পিএম

ভারতকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। তাতেই হয়েছে ইতিহাস। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ভারতীয়দের বিপক্ষে এটাই আইরিশদের প্রথম জয়।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত।  তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। দলীয় ৫১ রানে চার উইকেট হারায় তারা।

তবে পঞ্চম উইকেট জুটিতে দুর্দান্ত খেলে যান লরকান টাকার ও গ্যারেথ ডেলানি। পরের উইকেটে জর্জ ডকরেলকে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ডেলানি। এতেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় সংগ্রহ পায় আইরিশরা।

দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন টাকার। ৪৯ রান আসে ডেলানির ব্যাট থেকে। এছাড়া টিম টেক্টর ১৭, রস অ্যাডায়ের ১২, বেন কালিজ ১৫ ও জর্জ ডকরেল ১৯ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। তবে একপ্রান্ত আগলে রেখে খেলে যান ওপেনার অভিষেক শর্মা। কিন্তু দলকে বিপদে ফেলে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন তিনিও। তিলক ভার্মা ও অক্ষর প্যাটেলকে নিয়ে জয়ের প্রয়াস চালান শিবম ডুবে। কিন্তু তারা প্রত্যেকেই ব্যক্তিগত হয়েছেন।

১৯ রানে তিলক, ১৫ রানে অক্ষর ও ২৫ রানে ডুবে আউট হন। আর বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এতে ১৪৮ রানে গুটিয়ে যায় ভারত। আয়ারল্যান্ডের সবচেয়ে সফল বোলার ম্যাট হোলার্ড। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। 

Link copied!