আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সক্ষমতা প্রমাণের এক দারুণ পরীক্ষায় নামল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়াম। এবিজি স্পোর্টস সিটির এই আধুনিক মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস ছাড়াই খেলা শুরু হয়েছে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল আলোচনার মাধ্যমে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য এই ম্যাচটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে এই ভেন্যুতে বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া প্রতিযোগিতা ও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম কোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে বড় পরিসরে ক্রিকেট আয়োজনের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে স্টেডিয়ামটি।
ম্যাচটিকে সামনে রেখে গত ১৯ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পরিদর্শন করে বিসিবির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।
বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে আসা এই প্রতিনিধিদলটি পিচ, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা, লজিস্টিকস, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থান ও সম্প্রচারসুবিধাসহ পুরো ভেন্যু ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে মাঠের আধুনিক সুযোগ-সুবিধা ও সার্বিক প্রস্তুতি নিয়ে পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেছে বিসিবি। আনভীর ক্রিকেট স্টেডিয়ামকে ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান জানিয়েছেন, এই স্টেডিয়ামে ভবিষ্যতে আরো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবির সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে।
এ ছাড়া এই কমপ্লেক্সে আরেকটি আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ নির্মাণের কাজ চলমান রয়েছে, যা ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ দল : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।
বিসিবি একাদশ : মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকি, ইফতেখার হোসেন, জাকের আলি, এস এম মেহেরব হাসান, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্ম, ফাহাদ হোসেন, হোসেন ও সান।