ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com
এশিয়া কাপ রাইজিং স্টারস

ফারজানার ক্যামিওতে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:০০ এএম

ফারজানার ক্যামিওতে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

২০তম ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান।

আগের ১৯ ওভারের কোনোটিতে ১০ রানও ওঠেনি। জয়ের পাল্লা তাই থাইল্যান্ডের দিকেই হেলে ছিল। তবে শেষ বেলায় খেলা পাল্টে দিলেন ফারজানা ইয়াসমিন। শরীফা খাতুন প্রথম বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে যান ফারজানা।

দ্বিতীয় বলে চার, তৃতীয় বলে ছক্কা। নিমিষেই ম্যাচ সমতায়। চতুর্থ বলে অবশ্য আউট হয়ে যান ফারজানা। তবে পঞ্চম বলে জান্নাতুল ফেরদৌস সিঙ্গেল নিলে লক্ষ্যপূরণ হয়ে যায় এক বল আগেই।

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে আজ এমন সমাপ্তির ম্যাচেই থাইল্যান্ড নারী জাতীয় দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়ায় বাংলাদেশের লক্ষ্য ছিল ১০৪। প্রথম চার ওভারে ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই ছিল বাংলাদেশ। চতুর্থ উইকেটে শামীমা সুলতানা ও লতা মণ্ডল ৪৩ রানের জুটি গড়ে ধাক্কা সামলে তোলেন।

তবে এরপরও শেষ দিকে রান–বল তাল মেলাতে হিমশিত খেতে হয়েছে। যা শেষ পর্যন্ত ৬ বলে ১২ রানের সমীকরণে দাঁড়ায়। ১৫ বলের ইনিংসে ৩ চার আর ১ ছক্কায় ২৩ রান করে এই চ্যালেঞ্জ পার করে দেন ফারজানা।

এশিয়া কাপ রাইজিং স্টারসে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। আগের ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়েছিল ফাহিমা খাতুনের দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ মালয়েশিয়া নারী জাতীয় দল, ম্যাচ ১৮ ফেব্রুয়ারি।

Link copied!