ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:৪৩ পিএম

দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।

বিআরটিএ সূত্র জানায়, ভাড়া বাড়ানোর প্রস্তাবটি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভাড়া কতটা বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাসভাড়া সমন্বয় নিয়ে বৈঠক হয়। এতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর নীতিগত প্রস্তাব করা হয়।

জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে অন্যান্য খরচও বিবেচনায় নিয়ে সাধারণত বাসভাড়া নির্ধারণ করা হয়। তবে এবার শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত রোববার সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে।

বিআরটিএ সূত্র জানায়, সাধারণ হিসাবে ডিজেলের দাম এক টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে প্রায় এক পয়সা বাড়ে। সে হিসাবে এবার ডিজেলের দাম ২০ টাকা বাড়ায় দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

পরিবহন মালিকদের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপন জারির অনুরোধ জানানো হয়েছে। তাদের আশঙ্কা, নতুন ভাড়া নির্ধারণে দেরি হলে বাড়তি দামে জ্বালানি কেনার কারণে মালিক-শ্রমিকেরা নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে দিতে পারেন।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা।

তবে এসি বাস, মালবাহী যানবাহন ও কিছু অন্যান্য পরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে না। এসব ক্ষেত্রে মালিক-শ্রমিকেরা ভাড়া নির্ধারণ করেন।

এদিকে বিআরটিএর প্রস্তাব করা ১৮ ও ২০ পয়সা ভাড়া বৃদ্ধির হার চূড়ান্ত পর্যায়ে কিছুটা কমতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। শেষ পর্যন্ত সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপনে নতুন ভাড়া নির্ধারিত হবে।

Link copied!