ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
amaderkhobor24.com

রমজান শুরুর আগেই রাজশাহীতে লেবুর দাম তিনগুণ

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:৪৩ পিএম

রমজান শুরুর আগেই রাজশাহীতে লেবুর দাম তিনগুণ

রমজান মাস শুরুর আগেই রাজশাহীর বাজারে লেবুর দাম তিনগুণ বেড়েছে। রাজশাহীর বিভিন্ন বাজারে বর্তমানে একটি ভালো মানের বড় লেবু কিনতে ১৫-২০ টাকা লাগছে। অথচ দুসপ্তাহ আগেও প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ১৫-২০ টাকায়।

সরেজমিনে ঘুরে জানা যায়, চলতি ফেব্রুয়ারির শুরুতে প্রতি হালি লেবু ২৫-৩০ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহে লেবুর দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় উঠেছে। ফলে ক্রেতারা বাজারে লেবুর দোকানে গিয়ে বিপাকে পড়ছেন। অনেকেই তিনগুণ দাম শুনে লেবু না কিনেই ফিরে যাচ্ছেন।

ক্রেতাদের অভিযোগ, রমজানের কারণে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, লেবুর মৌসুম না হওয়ায় সরবরাহ কমেছে, বিপরীতে গ্রাহকদের কাছে লেবুর চাহিদা বেড়েছে। ফলে লেবুর দামও বেড়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রয়ারি) দুপুরে রাজশাহীর মাস্টারপাড়া কাঁচাবাজারে দেখা যায়, প্রবেশ পথের মুখে লেবু নিয়ে বসেছেন ৪-৫ ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে লেবু এনে বিক্রি করেন। তাদের কাছে চার ধরনের লেবু পাওয়া যাচ্ছে। একেবারে ছোট লেবু ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে। আরেকটু বড় আকারের লেবু ৫০ টাকা হালি, মাঝারি ৬০ টাকা হালি এবং বড় লেবু ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে। তাদের ডালিতে লেবুর পরিমাণ অন্য সময়ের চেয়ে কম।

লেবু ক্রেতা রায়হান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এক সপ্তাহ আগেই লেবুর দাম অর্ধেক ছিল। এক সপ্তাহে এমন কী হলো যে, লেবুর দাম দ্বিগুণ হবে? গাছে লেবু কম, তাই এত দাম হবে কেন? 

লেবুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে এ ধরনের তর্কাতর্কি দেখা গেল একটি দোকানে। বিক্রেতা বলছেন, তিনি এক টাকাও কম রাখতে পারবেন না, আর ক্রেতা বলছেন, এভাবে জুলুম করা ঠিক নয়।

রাজশাহীর মাস্টারপাড়ায় ৮ বছর ধরে লেবুর ব্যবসা করা মুন্না বলেন, ‘রমজান এলেই কেবল ব্যবসায়ীদের দোষ দেওয়া হয়। কিন্তু বাজারে লেবু থাকলে দাম বেশি রাখব না। এখন লেবুর সিজন নয়। গাছে ফল নেই, শুধু ফুল। আমরা টাঙ্গাইলের মধুপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে লেবু আনছি। প্রতিটি লেবুর দাম পাইকারিতে বেড়েছে ১০ থেকে ১২ টাকা। এর সাথে পরিবহণ ও অন্যান্য খরচ যোগ করে আমরা কিভাবে কম দামে বিক্রি করব? অনেকে রমজান এলেই দোষ দেন, কিন্তু আসল কারণ হলো, গাছে লেবু নেই।’

কৃষি বিভাগ জানায়, লেবুর ভরা মৌসুম গ্রীষ্ম ও বর্ষাকাল। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গাছে ফুল আসে। এ সময় ফলন কম থাকে। যদিও এখন কিছু গাছে সারা বছর অল্প পরিমাণে লেবু ধরে এবং চায়নিজ জাতের কিছু লেবুও বাজারে পাওয়া যায়।

Link copied!