ছোট্ট পুত্র জিবরান আনামকে ড্রামসের খুঁটিনাটি দেখাচ্ছিলেন জেমস। ছবি: ভিডিও থেকে নেওয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে নগরবাউল জেমসের একটি ভিডিও। সংগীত নয় বরং পিতৃত্বের এক মায়াময় মুহূর্তের ওই ভিডিওতে ছোট্ট পুত্র জিবরান আনামকে ড্রামসের খুঁটিনাটি দেখাচ্ছিলেন জেমস। আর সেই দৃশ্য মুহূর্তেই ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়।
ভিডিওতে দেখা যায়, প্র্যাকটিস প্যাডের সামনে বসে ছেলেকে ড্রাম স্টিক ধরার নিয়ম শিখিয়ে দিচ্ছেন জেমস। কীভাবে স্টিক ধরতে হয়, কীভাবে তাল মেলাতে হয় সবকিছুই ধৈর্য ধরে দেখাচ্ছেন তিনি। আর ছোট্ট জিবরানও বাবার নির্দেশনা মেনে আগ্রহভরে অনুকরণ করছে প্রতিটি মুভমেন্ট।
এই সহজ অথচ আবেগঘন মুহূর্তই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। অনেকেই মন্তব্য করছেন ‘রক্তের টান তো এমনই হয়’, আবার কেউ লিখেছেন ‘রকের উত্তরাধিকার যেন তৈরি হয়ে যাচ্ছে ছোটবেলা থেকেই।’
জেমস, যিনি ‘নগরবাউল’ নামেই বেশি পরিচিত, ব্যক্তিজীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে আসেন না। তবে গত বছরই তিনি বিয়ে ও বাবা হওয়ার খবর জানান। ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন তিনি।
২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কে জন্ম নেয় তাদের ছেলে জিবরান। সন্তান জন্মের পর জেমস বলেছিলেন, ‘বাবা হওয়ার অনুভূতি অসাধারণ’ আর সেই অনুভূতিরই যেন এক বাস্তব রূপ দেখা গেল এই ভিডিওতে।