ঢাকা শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

উপসাগরীয় অঞ্চলে পড়েছেন ২০ হাজার নাবিক ও ১৫ হাজার যাত্রী: জাতিসংঘ

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১০:৫৫ পিএম

উপসাগরীয় অঞ্চলে পড়েছেন ২০ হাজার নাবিক ও ১৫ হাজার যাত্রী: জাতিসংঘ

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার নাবিক এবং ১৫ হাজার ক্রুজ জাহাজের যাত্রী আটকা পড়ে আছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও)।

বৃহস্পতিবার (৫ মার্চ) এএফপি’র বরাতে এ খবর জানায় আল-জাজিরা।

আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেছেন, ‘ক্ষতিগ্রস্থ নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা সব অংশীজনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

চলতি সপ্তাহের শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংস্থাটি এই অঞ্চলে জাহাজ সংশ্লিষ্ট সাতটি ঘটনার তথ্য নথিভুক্ত করেছে। এসব ঘটনায় দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

 

ডোমিঙ্গেজ বলেন, ‘এই উদ্বেগজনক হামলাগুলোর অর্থনৈতিক প্রভাবের বাইরে এটি একটি মানবিক ইস্যুও। নিরীহ নাবিকদের ওপর কোনো হামলাই কখনো ন্যায্য নয়।’

তিনি আরও বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে চলাচলের সময় সব শিপিং কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান আমি জানাচ্ছি।’

ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, যার মাধ্যমে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়।

Link copied!