ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

ইরানের ৯০ শতাংশ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল

আমাদের খবর ২৪/ কেপি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৭:৫৮ পিএম

ইরানের ৯০ শতাংশ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার দাবি করে আসছে যে ইরানের সামরিক শক্তি ‍‍`গুঁড়িয়ে দেওয়া‍‍` হয়েছে। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে একেবারে ভিন্ন চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও তার বিশাল ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে এবং বেশিরভাগ ঘাঁটি আবার সচল করে তুলেছে।

নিউইয়র্ক টাইমস মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মে মাসের শুরুতে তৈরি করা ওই গোপন গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে— ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কার্যক্ষমতা ফিরে পেয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে অবস্থিত ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টিই এখন ইরানের নিয়ন্ত্রণে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগের তুলনায় বর্তমানে ইরানের প্রায় ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্রের মজুত এবং ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র (মোবাইল লঞ্চার) অক্ষত রয়েছে।

আরও উদ্বেগের বিষয় হলো, ইরানজুড়ে মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্র মজুত ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় ৯০ শতাংশই এখন আংশিক বা পুরোপুরি সচল অবস্থায় রয়েছে।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এই তথ্য সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‍‍`ইরান ভালো করেই জানে যে তাদের বর্তমান পরিস্থিতি টেকসই নয়। যারা মনে করছেন ইরান তার সামরিক শক্তি পুনর্গঠন করেছে, তারা হয় বিভ্রান্তিতে আছেন, নয়তো ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের হয়ে কথা বলছেন।‍‍`

হামলার সময় ট্রাম্প একের পর এক দাবি করেছিলেন যে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। অথচ যুদ্ধকালীন সময়ে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংবেদনশীল লক্ষ্যবস্তুগুলোতে কমপক্ষে একশ‍‍`টি ধাপে ধারাবাহিক পাল্টা হামলা চালিয়েছে।

যুদ্ধবিরতির পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি জানিয়েছিলেন, যুদ্ধের আগের চেয়ে এখন তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা আরও বেড়েছে।

শনিবার তিনি আরও বলেন, ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তু ও শত্রু জাহাজগুলোর দিকে তাক করে রাখা হয়েছে। চূড়ান্ত নির্দেশ পেলেই আঘাত হানতে তারা প্রস্তুত।

Link copied!