রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে তাদের সেবা চালুর ঘোষণা দিয়েছে। এর ফলে নগরীর যাত্রীরা এখন উবার অ্যাপ ব্যবহার করে রাইড বুক করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, চট্টগ্রামে সেবা চালুর মাধ্যমে সহজ, সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর যাতায়াত ব্যবস্থা আরও বিস্তৃত করার লক্ষ্য বাস্তবায়ন হবে। একই সঙ্গে চালকদের জন্য ফ্লেক্সিবল আয়ের সুযোগও তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি বলেন, ‘বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র চট্টগ্রামে শহরের ধারাবাহিক অগ্রগতি আর কানেক্টিভিটি বজায় রাখতে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই চট্টগ্রামে উবারের এই নতুন পথচলাকে আমরা স্বাগত জানাই। নিজের সুবিধামতো সময়ে আয়ের সুযোগ তৈরি করা, ডিজিটাল প্রযুক্তির বিকাশ এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটক—সবার জন্য যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করে তোলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
চট্টগ্রামে সেবা চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, ‘দেশের অন্যতম প্রাণবন্ত এবং দ্রুত বর্ধনশীল শহর চট্টগ্রামে আমাদের এই সেবা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উবারের কাছে বাংলাদেশ সবসময়ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমরা একদিকে যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর, তেমনি চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চট্টগ্রামের মানুষের সেবা করতে এবং এই শহরের দৈনন্দিন যাতায়াতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে আশাবাদী।’
২০১৬ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করার পর থেকে উবার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে নিজেদের সেবার পরিধি বিস্তৃত করে চলেছে।