আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে নোটিশটি পাঠিয়েছেন তিনি।
নোটিশে বলা হয়েছে, আইনের শাসনের মূলনীতি অনুযায়ী সব নাগরিকের ক্ষেত্রে আইন সমানভাবে প্রযোজ্য। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী শেখ হাসিনারও আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে।
দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে গঠনমূলক, আইনসম্মত ও প্রশাসনিক পদক্ষেপ বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে নোটিশে।
এতে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে তা লিখিতভাবে জানানোর দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদ সমুন্নত রাখার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।