ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
amaderkhobor24.com

রাষ্ট্রের চোখে কোনও জনগোষ্ঠী ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৯:২৭ এএম

রাষ্ট্রের চোখে কোনও জনগোষ্ঠী ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

‘পাহাড়ের মানুষ যেন কখনও না ভাবে তারা ক্ষুদ্র, আমরা এমন একটি সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি বিনির্মাণ করতে চাই’ বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সোমবার (১৮ মে) কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদের কাব্যগ্রন্থ ‘আদিবাসী প্রেমিকার মুখ’-এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 

রাজধানীতে আয়োজিত দ্বিভাষিক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে ঐতিহ্য প্রকাশনা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রের চোখে কোনও জনগোষ্ঠী ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে না। সব নাগরিককে সমানভাবে বিবেচনা করেই মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।” পাহাড় ও সমতলের মানুষের সাংস্কৃতিক মেলবন্ধনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।  

ঐতিহ্য প্রকাশনা আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোস্তফা মুশফিক। অনুষ্ঠানে লেখক ও গবেষক পাভেল পার্থ বলেন, “বইটিতে পার্বত্য চট্টগ্রামের মানুষের সংগ্রাম, ভূমি হারানোর বেদনা ও বঞ্চনা উঠে এসেছে।”  

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, “বইটি বিশেষ জনগোষ্ঠীর জীবনসংগ্রাম ও রাষ্ট্রকে ভিন্নভাবে দেখার একটি সংলাপ তৈরি করেছে।”  

ঐতিহ্য প্রকাশনার প্রধান নির্বাহী আরিফুর রহমান নাঈম প্রকাশনা উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন। গবেষক ও শিক্ষক কুদরত-ই-হুদা বলেন, “প্রেমের চেয়ে বইটিতে আদিবাসী জীবনের বিপন্নতা ও বেদনা বেশি ফুটে উঠেছে।”  

আদিবাসী অধিকারকর্মী মেইনথিন প্রমিলা বলেন, “বইটিতে পাহাড়ের ভূমি সংকট, নিরাপত্তাহীনতা ও বঞ্চনার বাস্তবতা উঠে এসেছে।”  লেখক এহসান মাহমুদ জানান, পাহাড়ের মানুষের জীবন, বৈষম্য ও রাষ্ট্রীয় বৈপরীত্য তুলে ধরতেই বইটি লিখেছেন তিনি। 

Link copied!