ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
amaderkhobor24.com

আসিফ মাহমুদের অর্থপাচারের সত্যতা পেতে সংশ্লিষ্ট দেশে চিঠি দেবে দুদক

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:২৩ পিএম

আসিফ মাহমুদের অর্থপাচারের সত্যতা পেতে সংশ্লিষ্ট দেশে চিঠি দেবে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত অর্থপাচারের অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোতে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। এনসিপি নেতার বিরুদ্ধে আনা এই অভিযোগ কোনোভাবেই মনগড়া নয় বলেও দাবি করেন তিনি।

দুদকের কার্যক্রমে মনমতো কাজ করার কোনো অবকাশ নেই উল্লেখ করে দুদক সচিব বলেন, প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তারা পরবর্তী ধাপে অগ্রসর হয়েছেন এবং বর্তমানে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তে যা উঠে আসবে, তার ওপর ভিত্তি করেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে, তথ্য সংগ্রহের প্রয়োজনে সেই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে এবং প্রয়োজনে আইনের আওতায় এমএলআর (মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) পাঠানোসহ সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অনুসন্ধান শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান দুদক সচিব।

Link copied!