ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:৩০ পিএম

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।

মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান। দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের জুটিতে আসে ১০৫ রান। দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে তামিম গড়েন ৫৩ রানের জুটি, ৩৪ বলে ২৭ করে আউট হন শান্ত।

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পূরণ করেন তামিম। ১০৭ বলে ১০৭ করে আউট হন এই ওপেনার। ৪১ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। শেষ পর্যন্ত হৃদয়ের ৪৪ বলে ৪৮ রানে বাংলাদেশের ইনিংস থামে ২৯০ রানে।

পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন হারিস রউফ। ১টি করে উইকেট পান শাহিন আফ্রিদি, আবরার আহমেদ।

জবাবে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তাসকিনের শিকার হয়ে ফেরেন শাহিবজাদা ফারহান ও রিজওয়ান। আর মাজ সাদাকাতকে প্যাভিলিয়নের পথ দেখান নাহিদ রানা। চতুর্থ উইকেট জুটিতে ৫০ রান তোলেন অভিষিক্ত গাজী ঘোরি ও আবদুল সামাদ। ১৫ রানের ব্যবধানে আউট হন দুজনই। এরপর সাদ মাসুদকে নিয়ে ৭৯ এবং ফাহিম আশরাফকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন সালমান আলী আগা।

বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠা সালমান ৮৯ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৯৮ বলে ১০৬ রান করে আউট হন এই ব্যাটার, তাতেই যেন জয়ের সুবাস পায় বাংলাদেশ। অন্যপ্রান্তে অধিনায়ক শাহিন শাহ  আফ্রিদি লড়ে যাচ্ছিলেন।

শেষ ওভারে জিততে দরকার ছিল ১৪ রান, পাকিস্তানের হাতে ১ উইকেট। বোলার রিশাদ হোসেন মাত্র ২ রান দিয়ে ফেরান আফ্রিদিকে। পাকিস্তান অলআউট হয় ২৭৯ রানে।

বাংলাদেশের হয়ে তাসকিন পান ৪টি উইকেট। মোস্তাফিজুর রহমান তুলে নেন ৩টি আর নাহিদ রানার শিকার ২ উইকেট।

এই জয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উইন্ডিজকে টপকে ১০ থেকে ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।

Link copied!