২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোটের ফল আগেই ফাঁস হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে ফরাসি পুলিশ। সেরা পাঁচের সঠিক ক্রম আগেই অনুমান করে একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে বেটিংয়ের মাধ্যমে প্রায় ২ লাখ ইউরো আয় করে ১২টি অ্যাকাউন্ট। এই খবর সামনে আসার পর তদন্ত শুরু হয়েছে।
এবারের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। দ্বিতীয় হয়েছেন কিলিয়ান এমবাপে, তৃতীয় লামিনে ইয়ামাল, চতুর্থ রদ্রি ও পঞ্চম লিওনেল মেসি। অভিযোগ, ওই ১২টি অ্যাকাউন্ট শুধু সেরা পাঁচজনের নামই নয়, তাদের অবস্থানের ক্রমও নির্ভুলভাবে অনুমান করেছিল।
ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ বিষয়টি জানার পর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। পুরস্কারটির আয়োজকরা নিজেদের উদ্যোগেও তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের সন্দেহ, ভোটের ফলসংক্রান্ত গোপন তথ্য ব্যবহার করেই ওই বাজি ধরা হয়েছিল।
ব্যালন ডি’অরের অনুষ্ঠানের দিনও আয়োজকদের ওয়েবসাইটে ভুল করে কয়েকজন মনোনীত খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগের ওই ঘটনায় ফল ফাঁস হওয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
তবে পুরস্কারের স্বচ্ছতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফ্রান্স ফুটবল। সংস্থাটির এক মুখপাত্র বলেন, ‘ব্যালন ডি’অরের স্বচ্ছতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। বিজয়ী স্বাধীন ভোটের মাধ্যমে নির্বাচিত হন। ফল ফাঁসের অভিযোগকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।’