প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:২৩ এএম
রাজধানীর শাহজাদপুরে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে তিনতলার ছাদ থেকে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শাহজাদপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্বামী শোভন পালের সঙ্গে রাজধানীর শাহজাদপুরে একটি ভাড়া বাসার তৃতীয় তলায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বন্যা কস্তা তার প্রিয় পোষা বিড়ালটিকে ঘরে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে ছাদে গিয়ে দেখেন, বিড়ালটি কার্নিশের ওপর অবস্থান করছে। সেটিকে উদ্ধার করতে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পা পিছলে নিচে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ফুফু লাভলী কস্তা জানান, বন্যার কোনো সন্তান ছিল না এবং তিনি বিড়ালটিকে সন্তানের মতো ভালোবাসতেন। প্রিয় পোষা প্রাণীকে বাঁচাতে গিয়েই তার এই করুণ মৃত্যু হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে দাফন করা হবে।
আপনার মতামত লিখুন :