ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১০:২৫ এএম

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। বুধবার এই প্রস্তাব নাকচ করার পাশাপাশি ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা আরও জোরদার করেছে তেহরান। এর মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের বড় ধরনের ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।  ইরানের এই অনড় অবস্থানের মুখেই ইসরায়েল তেহরানে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে, পরিস্থিতি মোকাবিলায় ওই অঞ্চলে আরও ১ হাজার প্যারাট্রুপার ও ৫ হাজার মেরিন সেনা মোতায়েন করছে পেন্টাগন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি’র বরাতে একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন, ইরান তখনই যুদ্ধ শেষ করবে যখন তারা নিজে সিদ্ধান্ত নেবে এবং তাদের নিজস্ব শর্ত পূরণ হবে।

 

তেহরান পাল্টা ৫ দফা দাবি পেশ করেছে। এর মধ্যে রয়েছে, ইরানি কর্মকর্তাদের হত্যাকাণ্ড বন্ধ করা, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ সার্বভৌমত্ব নিশ্চিত করা।

 

এর আগে পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের ১৫ দফার প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, ক্ষেপণাস্ত্রের সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। তবে বিশ্লেষকরা বলছেন, ক্ষতিপূরণ ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের মতো দাবিগুলো হোয়াইট হাউসের কাছে অগ্রহণযোগ্য হতে পারে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানে কয়েক দফা হামলা শেষ করেছে এবং ইস্পাহানে ইরানের একটি সাবমেরিন উন্নয়ন কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে। পাল্টা হিসেবে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে দিনরাত রকেট হামলা চালিয়ে যাচ্ছে।

 

সৌদি আরব জানিয়েছে, তারা তাদের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে অন্তত ৮টি ড্রোন ধ্বংস করেছে। বাহরাইনেও বেজে উঠেছে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন। কুয়েত বেশ কিছু ড্রোন ভূপাতিত করলেও একটি ড্রোন তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কারে আঘাত হেনেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে। যুদ্ধে এখন পর্যন্ত ২০ জন ইসরায়েলি এবং ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার ১০০ জন।

আলোচনার খবরের প্রভাবে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজার দর কিছুটা কমে প্রতি ব্যারেল ১০০ ডলারে নেমেছে। তবে যুদ্ধ শুরুর সময়ের তুলনায় এটি এখনও ৩৫ শতাংশ বেশি। তেলের দাম চড়া থাকায় বিশ্বজুড়ে খাদ্যদ্রব্য ও অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

বর্তমানে মধ্যস্থতাকারীরা আগামী শুক্রবার পাকিস্তানে দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠকের চেষ্টা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের নেতাদের হত্যার হুমকি অব্যাহত থাকায় এবং যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের চরম অবিশ্বাসের কারণে এই কূটনৈতিক প্রচেষ্টা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

Link copied!