ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:০৪ পিএম

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে এবং এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি। মন্ত্রণালয় কাজ করছে। কারিকুলাম পরিবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই।’

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। মানিকগঞ্জ সিঙ্গাইরের একটি কেন্দ্রে খাতা দেখাদেখি করেছে দু-একজন। পরে সতর্ক করা হয়েছে। একটি কেন্দ্রে বাজারে হওয়ায় জটলা বেশি এবং মব হওয়ার শঙ্কা ছিল। কিন্তু অভিভাবকরা সহনশীল, তাই ঝুঁকি ছিল না।’

এহছানুল হক মিলন বলেন, ‘কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা নেই এবং হয়নি। এবং এই ধরনের কোনো আলোচনাও নেই। আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাবো সাংবাদিকদের, আপনারা সবাই সহযোগিতা করেছেন। এই পরীক্ষা সুস্থ স্বাভাবিক হোক। এজন্য আপনারা পূর্ব থেকেই বিভিন্নভাবে যে পদক্ষেপগুলো নিয়েছি এগুলো আপনারা বারবার টেলিভিশনে নিউজপেপারে প্রচারিত করেছেন বিধায়। সারা জাতি জেনেছে যে পরীক্ষা এবার সুন্দর হবে এবং নকলমুক্ত হবে, প্রশ্নপত্র ফাঁস হবে না।’

তিনি বলেন, ‘আনন্দ উদ্দীপনা নিয়ে আমাদের এই জেনজিরা পরীক্ষা দিচ্ছে এটি সত্যিই অভাবনীয় এবং তাদের যে আনন্দ উৎফুল্লতা আমি যাওয়ার পরে এতে সত্যিই সমাদৃত হয়েছি। আপনারা আগামী পরীক্ষাগুলোকে এভাবেই সহযোগিতা করবেন। পরের পরীক্ষাগুলো আমি যতটা সম্ভব মনিটরিং করব এবং আমার টিম মনিটরিং করবে এবং আপনারাও করবেন। এর মাঝে যদি কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আপনার পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন।’

শিক্ষামন্ত্রী জানান, সিসিটিভি ফুটেজ আর্কাইভ করার নির্দেশনা দেয়া হয়েছে। পরে কোনো অভিযোগ এলে সিসিটিভি ফুটেজ যাচাই করা হবে।

Link copied!