সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩ জনের মনোনয়ন আজ ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে জমা দেওয়া হয়। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জোটের মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, নারী আসনে যে কম্বাইন্ড তালিকা সাবমিট (জমা) করেছি, এটার মধ্যে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার সুযোগ নেই। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার আশা করছি আমরা।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং যেহেতু নির্বাচন সরাসরি হয়ে গেছে এবং পার্লামেন্ট চলছে, ওনারা যদি টাইমলি পার্লামেন্টে যেতে পারেন, তবে নারী সমাজের যে বিশেষ প্রত্যাশা নারী প্রতিনিধিত্বর সেই জায়গাটাও আমরা মনে করি সঠিক সময়ে হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, দেশের জন্য, জাতির জন্য, জনগণের স্বার্থে আইন প্রণয়নসহ সবকিছুর ক্ষেত্রে নারীরা স্বয়ংসম্পূর্ণ একজন জাতীয় সংসদের সদস্য হিসেবে সেখানে অল প্রিভিলেজ এবং পাওয়ার-ফাংশন এক্সারসাইজ করবেন; সংবিধান সেই সুযোগ তাদের দিয়েছে। তারা বিরোধী দলের কাতারে থেকে দেশ ও জনগণের স্বার্থে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, সরকারের যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখবে জোট, তবে জনবিরোধী সিদ্ধান্ত এলে বিরোধিতা করা হবে। এতে অন্যান্য বিরোধী দলের সদস্যদের সঙ্গে আমাদের নারী সদস্যগণও একসঙ্গে বিরোধী দলের সঙ্গে যুক্ত হবেন। ৭৭ জনের সঙ্গে ১৩ জন যুক্ত হয়ে ৯০ জন বিরোধীদলীয় সদস্য একসঙ্গে ভূমিকা পালন করবে এ প্রত্যাশা আমরা রাখছি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন না হওয়ায় জোট প্রতিবাদ জানিয়ে আসছে এবং এ বিষয়ে ভবিষ্যতেও কর্মসূচি অব্যাহত থাকবে।