ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
amaderkhobor24.com

বিমানবন্দরে ১১ অভিযানে স্বর্ণ, মোবাইল ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০২:২৭ পিএম

বিমানবন্দরে ১১ অভিযানে স্বর্ণ, মোবাইল ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহে ১১টি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকার স্বর্ণ, সিগারেট, মদ, ই-সিগারেট, নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন ও বিভিন্ন পণ্য জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। একই সময়ে যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বাণিজ্যিক পণ্য থেকে ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা শুল্ক-কর আদায় করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউস থেকে এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকার স্বর্ণবার ও স্বর্ণালংকার, ৫৮৯ লিটার মদ, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেট, আমদানি নিষিদ্ধ ২৮৬ কেজি ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মোবাইল ফোন এবং ৩১৫ কেজি ওষুধ জব্দ করা হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে এসব অভিযান পরিচালনা করা হয়। ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বাণিজ্যিক পণ্য থেকে শুল্ক-কর আদায়ের পাশাপাশি নিষিদ্ধ ও শুল্ক ফাঁকির ঝুঁকিতে থাকা পণ্য জব্দ করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে আমদানি-রপ্তানি ও যাত্রী ব্যাগেজ ব্যবস্থাপনায় রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং নিষিদ্ধ পণ্যের প্রবেশ ঠেকাতে কাস্টমসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Link copied!