ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নিই না: কৃষিমন্ত্রী

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:৪৪ পিএম

সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নিই না: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাজী আমিন-উর-রশীদ ইয়াছিন বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সরকারি গাড়ি ও জ্বালানি সুবিধা গ্রহণ করছেন না। ভবিষ্যতেও এসব সুবিধা নেবেন না বলে জানিয়েছেন তিনি।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “মন্ত্রী হওয়ার পর থেকে আমি নিজের গাড়ি এবং নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নিই না। এছাড়া সরকারি বেতন-ভাতাও নেব না।”

 

কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে কুমিল্লা বরাবরই পথিকৃৎ। জেলার কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি কুমিল্লার ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, ‘ট্যাংক ও ব্যাংকের নগরী হিসেবে কুমিল্লার যে সুনাম ছিল, সেই ঐতিহ্য সমুন্নত রাখার চেষ্টা করা হবে।’

 

তিনি আরও বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলে ড. আখতার হামিদ খান কৃষিতে আধুনিকতার ছোঁয়া দেন। তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ দেশ-বিদেশে সমাদৃত। “আমিও একজন কৃষক। কীভাবে ধান ফলাতে হয়, তা জানি। কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব,”—বলেন তিনি।

 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

পরে পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর টাউন হলে সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রির বিশেষ দোকানের উদ্বোধন করেন মন্ত্রী।

Link copied!