ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

এআইয়ের মাধ্যমে ফটোশুট করতে গুগলের নতুন সুবিধা

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:২৫ পিএম

এআইয়ের মাধ্যমে ফটোশুট করতে গুগলের নতুন সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে দ্রুত বিজ্ঞাপনের উপযোগী পণ্যের ছবি তৈরি করতে নিজেদের পোমেলি এআই টুলে ‘ফটোশুট’–সুবিধা চালু করেছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি–নির্ভর সুবিধাটি কাজে লাগিয়ে ছোট বা মাঝারি প্রতিষ্ঠানগুলো সহজেই বিজ্ঞাপনের উপযোগী নিজেদের পণ্যের মানসম্পন্ন ছবি তৈরি করতে পারবে। শুধু তা–ই নয়, স্বয়ংক্রিয়ভাবে তৈরি ছবিগুলো বিজ্ঞাপন আকারে বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা যাবে।

গুগল জানিয়েছে, ফটোশুট প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে ন্যানো ব্যানানার সহায়তায় দ্রুত পণ্যের ছবি তৈরি করতে পারে, যা তাৎক্ষণিকভাবে ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করা সম্ভব। স্টুডিও বা পেশাদার মানের ছবি তৈরির জন্য ব্যবহারকারীদের শুধু পোমেলিতে একটি ছবি আপলোড করতে হবে। এরপর টেমপ্লেট নির্বাচন করে দিলেই এআই স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপনের উপযোগী ছবি তৈরি করে দেবে। বিজ্ঞাপনগুলো সম্পাদনার পাশাপাশি সংরক্ষণও করা যাবে।

গুগলের তথ্যমতে, বিনা মূল্যে ব্যবহার উপযোগী নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা সুনির্দিষ্ট বিষয় ও ধরন উল্লেখ করলেই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে উন্নত মানের ছবি। ব্যবহারকারীরা চাইলে ছবিগুলোর আকার ছোট-বড় করার পাশাপাশি বিভিন্ন তথ্য পরিবর্তন করতে পারবেন। এর ফলে নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য আলাদা বিজ্ঞাপন তৈরি করা যাবে।

ফটোশুটের সুবিধাটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও সুবিধাটি উন্মুক্ত করা হতে পারে।  
 

Link copied!