ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

গোপনে ই–মেইলের সারসংক্ষেপ তৈরি করছিল কোপাইলট, স্বীকার করল মাইক্রোসফট

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:৩১ পিএম

গোপনে ই–মেইলের সারসংক্ষেপ তৈরি করছিল কোপাইলট, স্বীকার করল মাইক্রোসফট

ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের আদান–প্রদান করা গোপনীয় লেবেলযুক্ত ই–মেইলের সারসংক্ষেপ তৈরি করছিল কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট ‘কোপাইলট’। মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট সফটওয়্যারে থাকা ত্রুটির কারণে গোপনীয় লেবেলযুক্ত ই–মেইলের সারসংক্ষেপ তৈরি হচ্ছিল বলে স্বীকার করেছে মাইক্রোসফট।

সিডব্লিউ ১২২৬৩২৪ নামের ত্রুটিটি প্রথম শনাক্ত হয় গত ২১ জানুয়ারি। সমস্যাটি কোপাইলটের ওয়ার্ক ট্যাব চ্যাট–সুবিধায় ছিল। এর ফলে ব্যবহারকারীর অজান্তেই আউটলুকের সেন্ট আইটেমস ও ড্রাফটস ফোল্ডারে সংরক্ষিত ই–মেইলসহ যেগুলোর সঙ্গে গোপনীয়তার লেবেল যুক্ত ছিল, সেগুলোর সারসংক্ষেপ তৈরি করছিল কোপাইলট। এ বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, সংবেদনশীলতার লেবেল প্রয়োগ ও ডিএলপি নীতিমালা সক্রিয় থাকা সত্ত্বেও কিছু ই–মেইল ভুলভাবে কোপাইলট চ্যাটে প্রক্রিয়াকৃত হচ্ছিল।

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, একটি কোডজনিত ত্রুটির কারণে সেন্ট আইটেমস ও ড্রাফটস ফোল্ডারের বার্তাগুলো কোপাইলটের বিশ্লেষণ প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছিল। ফেব্রুয়ারির শুরু থেকে ধাপে ধাপে সমস্যার সমাধান করা হচ্ছে। মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, ত্রুটির কারণে অননুমোদিত কারও কাছে তথ্য উন্মুক্ত হয়নি।

মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট হলো প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাট সেবা। ২০২৫ সালের সেপ্টেম্বরে সাবস্ক্রাইবার গ্রাহকদের জন্য ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও ওয়াননোটে এ সুবিধা চালু করে মাইক্রোসফট।

Link copied!