প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:১৩ পিএম
আনিকা রানিয়া সিদ্দিকী। ফাইল ছবি
প্রথমবার বাংলাদেশ নারী ফুটবল দলে ডাক পেয়ে খুশি সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। গত রাতে বাফুফের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় সেই অনুভূতির কথাই বলেছেন আনিকা, ‘শৈশব থেকেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্য ছিল। অবশেষে সেই লক্ষ্য পূরণ হয়েছে। জাতীয় দলে নাম লেখাতে পেরে সত্যিই আমি খুশি।’
১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপ খেলতে আজ রাত ২টায় ব্যাংকক হয়ে সিডনির উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগে আজ দুপুরে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলারের মুখে শোনা গেলে আনিকার প্রশংসা, ‘তার বয়স ২০–২১ বছর। ফেডারেশনের একজন সদস্য, মিস্টার ফাহাদ তার জন্য সুপারিশ করেছিলেন। আমরা তার ভিডিও দেখেছি, অনুশীলন পর্যবেক্ষণ করেছি। আমার চোখে সে সত্যিই সম্ভাবনাময়, ভবিষ্যতের জন্য বড় আবিষ্কার হতে পারে।’
প্রথম প্রবাসী নারী ফুটবলার হিসেবে বাংলাদেশের হয়ে খেলেছেন জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়া। এবার আনিকাও এ তালিকায় নাম লেখানোর অপেক্ষায়। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি।
গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক। ইউরোপের ফুটবলে খেলার অভিজ্ঞতা এবার বাংলাদেশ দলের হয়েও কাজে লাগাতে চাইবেন ২০ বছর বয়সী আনিকা।
বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া আনিকার জন্য সহজ ছিল না। ভিডিও বার্তায় তেমনটাই বলেছেন এই প্রবাসী, ‘এখন ভালো লাগছে। তবে শুরুর দিকে কিছুটা কঠিন ছিল.. আবহাওয়া এবং সবকিছুই ছিল নতুন। ধীরে ধীরে উন্নতি করছি।’
অল্প দিনে সতীর্থদের সঙ্গেও আনিকার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আফঈদা, রিপা, স্বপ্না, রূপনারা আছেন ক্রমবর্ধমান সে তালিকায়। আনিকার মতো একজনকে পেয়ে অধিনায়ক আফঈদাও খুশি। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সে (আনিকা) এখানে এসে ট্রায়াল দিয়েছে। মোটামুটি ভালোই আমাদের সঙ্গে মানিয়ে নিচ্ছে। আশা করি তার কোনো সমস্যা হচ্ছে না।’
১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। বাংলাদেশের গ্রুপে আছে নয়বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান।
মূল টুর্নামেন্টে খেলার আগে ২২ ফেব্রুয়ারি থেকে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি স্থানীয় ফুটবল ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে আফঈদাদের।
আপনার মতামত লিখুন :