ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৮:৫৭ পিএম

ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। এখন ইরানের সঙ্গে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’।

 

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তিনিও (ট্রাম্প) আলোচনায় রাজি আছেন। পরে হোয়াইট হাউস থেকেও বিষয়টি জানানো হয়েছিল।
 
তবে ইরানি নেতৃত্বও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরান চাপ প্রয়োগ করেছে, মার্কিন গণমাধ্যমের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন।
 
স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে লারিজানি বলেন, ‘আমরা আমেরিকার সাথে আলোচনা করব না।’
 
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর আলী লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের পরমাণু আলোচনার জন্য চাপ প্রয়োগ করেছে।
 
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

Link copied!