প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:২৭ এএম
প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার। টাকার হিসাবে প্রায় ২১ হাজার ৮৫০ কোটি। এই দামে বিক্রি হয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি ব্যবসায়ী জোট বেঙ্গালুরুর মালিকানা কিনে নিয়েছে। গতকাল হওয়া এ চুক্তিতে আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে রয়েছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন। এখন থেকে বেঙ্গালুরুর আইপিএল (পুরুষ) ও ডব্লিউপিএল (নারী)—উভয় দলেরই শতভাগ মালিক হবে এই জোট।
২০০৮ সালে বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজ ১১১.৬ মিলিয়ন ডলারে দলটি কিনেছিল। সেই সময়ে আটটি দলের মধ্যে বেঙ্গালুরু ছিল দ্বিতীয় সর্বোচ্চ দামি দল। দীর্ঘ ১৮ বছর পর বেঙ্গালুরুর দাম বেড়েছে প্রায় ১৪৯৫ শতাংশ। অবিশ্বাস্য এ মূল্যবৃদ্ধির মাধ্যমেই মালিকানা বদল হলো বেঙ্গালুরুর।
এ চুক্তির অঙ্কটি কত বড়, তা একটি তথ্যে পরিষ্কার হয়ে যায়। ২০২১ সালে আইপিএলের নতুন দুই দল লক্ষ্ণৌ ও আহমেদাবাদকে বিসিসিআই ১.৬৯ বিলিয়ন ডলারে বিক্রি করেছিল। বেঙ্গালুরুর বর্তমান দাম সেই দুই দলের মিলিত দামকেও ছাড়িয়ে গেছে।
২০১৬ সালে মালিয়া ভারত ছাড়ার পর বেঙ্গালুরুর নিয়ন্ত্রণ ছিল যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডায়াজিওর হাতে। ২০২৫ সালের ৪ জুন বেঙ্গালুরুর শিরোপা উদ্যাপনের সময় পদদলিত হয়ে ১১ জন সমর্থক নিহত এবং অনেকে আহত হন।
এ মর্মান্তিক ঘটনার পর থেকেই ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দেওয়ার জন্য কোম্পানির ওপর চাপ তৈরি হয়। এরপর গত নভেম্বরে তারা দলটি বিক্রির সিদ্ধান্ত জানায় এবং ৩১ মার্চের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করে।
আপনার মতামত লিখুন :