ঢাকা সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট যাচ্ছে আইসিসিতে: আমিনুল হক

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৩:৫১ পিএম

বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট যাচ্ছে আইসিসিতে: আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের অনিয়মের তদন্ত কমিটির রিপোর্ট আইসিসির কাছে পাঠাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপরই বিসিবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (৫ এপ্রিল) বিসিবি নির্বাচনের অনিয়মের তদন্ত রিপোর্ট জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দেওয়া হয়। এরপর গণমাধ্যমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেখুন, ইতোমধ্যে সকালবেলা তদন্ত কমিটি এসে প্রতিবেদন জমা দিয়ে গেছে। দেওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে আন্তঃমন্ত্রণালয়ের একটা সভা ডেকেছিলাম। সেই সভায় আমরা আলাপ-আলোচনা করেছি। আইসিসিকে তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাল্লাহ।’

তদন্ত কমিটির সদস্যরা বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘দেখুন, ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। সুতরাং তিনি (আসিফ মাহমুদ) অংশগ্রহণ করেননি নিশ্চয় সেই প্রতিবেদনের ভেতরে রয়েছে। আমরা সেটি যাচাই-বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটা আমিও দেখেছি। আমরা আইসিসির সঙ্গে কথা বলে তারপর পরবর্তী সিদ্ধান্ত আপনাদের জানাবো।’

গত ১১ মার্চ সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এনএসসি। মূলত নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না– সেটি খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের সময় দেওয়া হলেও, নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন জমা দিয়েছে। 

Link copied!