প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০২:০২ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চার জনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে। একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারিয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।
নিহতদের লাশ সকালে বাড়িতে নিয়ে আসা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) জুমার পরে নিহত মুফতি আবদুল মমিনসহ পরিবারের চার জনকে শ্বশুরবাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের একমাত্র শিশু আবরারই (১২) এখন বেঁচে আছেন। সেও মারাত্মক আহত হয়েছে।।
নিহতরা হলেন— খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নীপতি মুফতি আব্দুল মমিন, তার বোন ঝর্ণা বেগম, ভাগনি লাবিবা ও ভাগনে আবরার। এ ছাড়া প্রাইভেটকার চালক জামাল (পরিচয় নিশ্চিত হওয়া যায়নি) নিহত হয়েছেন।
পুলিশ ও নিহতদের স্বজন ফয়সাল জানান, দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষক মুফতি আবদুল মমিন তার পরিবার নিয়ে লক্ষ্মীপুরে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। ঢাকায় চাকরির সুবাধে ঈদ উপলক্ষে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শ্বশুরবাড়ি থেকে প্রাইভেটকারযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে আসা চট্টগ্রামগামী ‘স্টার লাইন’ বাস সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চার জন নিহত হয়েছেন।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত দুই জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে আরশাদ নামের একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মবিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পলাতক চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :